মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে রামগড় উপজেলা প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি পরিচালনা করেন নবনির্বাচিত উপ-যুবপ্রধান-১ আবু নাছের।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত যুবপ্রধান মোঃ মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, দুর্যোগকালীন সেবা ও স্বেচ্ছাসেবী ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান মোঃ করিম শাহ্, সাবেক উপ-যুবপ্রধান-০২ মোঃ মাসুদ রানা, সাবেক দলনেতা ফজলুল হকসহ সিনিয়র ও সক্রিয় যুব সদস্যবৃন্দ।
বক্তব্যে সাবেক যুব প্রধান মোঃ করিম শাহ্ রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মানবতার সেবায় এর অবদান এবং প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জীবনী বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় বিশ্বব্যাপী একটি অনন্য সংগঠন, যা বিপদকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ায়।
অনুষ্ঠানে বক্তারা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মানবসেবায় এগিয়ে আসার অনুপ্রেরণা দেন।
মানববন্ধন শেষে দিবসটির তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।