আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পরিবারের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে ব্র্যাকের ‘দাবি’ প্রকল্পের সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, প্রশিক্ষণ ভাতা ও উন্নত জাতের কুমড়ার বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ব্র্যাকের নর্থ ডিভিশনের সৈয়দপুর অঞ্চলের আওতাধীন পার্বতীপুর, বেলাইচন্ডি ও দাগলাগঞ্জ শাখার ২০ জন ‘দাবি’ সদস্যের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক সদস্যকে ২০টি করে একদিন বয়সী মুরগির বাচ্চা, প্রশিক্ষণ ভাতা হিসেবে ৩০০ টাকা এবং উন্নত জাতের হাইব্রিড চাল কুমড়ার বীজ দেওয়া হয়।
ব্র্যাক কর্তৃপক্ষ জানায়, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি গৃহভিত্তিক আয়ের নতুন সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। মুরগি পালন ও সবজি চাষের মাধ্যমে সদস্যরা স্বল্প পুঁজিতে লাভজনক উদ্যোগ গড়ে তুলতে পারবেন, যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপকারভোগীদের মুরগি পালন, রোগব্যবস্থাপনা এবং সবজি চাষের বিভিন্ন দিক সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় সদস্যরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ‘দাবি’ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম এবং বিডিইউর নুরে দিবাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সহায়তা গ্রহণকারী সদস্য স্বপ্না বলেন, “ব্র্যাকের এ উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। মুরগি পালন ও সবজি চাষের মাধ্যমে আমরা পরিবারের আয় বাড়াতে পারব এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হব।”