মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তের মেইন পিলার-৮১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানার কামারপাড়া গ্রামের আজিম মাস্টারের আমবাগানে তল্লাশি চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আমবাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশী পিস্তলের মূল্য প্রায় ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।