আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাকসহ ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— পবা উপজেলার মহানন্দখালি উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাক চালক রনিউর রহমান (৩৫) এবং একই উপজেলার পুঠিয়াপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে ট্রাকের হেলপার ইমন আলী (২৪)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ভোর ৪টার দিকে তানোর পৌর এলাকার তালন্দ বাজারের ধানপট্টিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসউদ আলী ও এসআই আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালান।
এসময় ঢাকা মেট্রো-ট-২০-৪৫৩০ নম্বরের ট্রাকটির বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাক চালক ও হেলপারকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করে সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।