শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত আব্দুস ছোবাহানের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত আব্দুস ছোবাহান উল্লাপাড়া উপজেলার দত্তপাড়া এলং জানি গ্রামের বাসিন্দা এবং তিনি একটি প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার ছিলেন।
ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ তাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। তারা দাবি করেন, প্রায় আট বছর আগে পরিবারের এক সদস্যকে গুম করার ঘটনার পর থেকেই তারা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিধ কেটে ভেতরে প্রবেশ করে আব্দুস ছোবাহানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, মামলার এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও থানা পুলিশ এখনো তাদের গ্রেফতারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তারা।
তাদের ভাষ্য অনুযায়ী, এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বাবলু প্রাং, মোতালেব, শাকিল, সাইফুল, বরাত, শামসুল, রাহেল, তাহমিনা (তুহিন), সায়েম ও হাইদুলসহ আরও কয়েকজন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন,
“আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেফতার ও এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।”
এ সময় তারা দেশবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।