ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাড় থেকে নিখোঁজ হওয়ার একদিন পর জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত জাহের আলী উপজেলার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অটোভ্যান নিয়ে জীবিকার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের ছেলে বাবু জানান, রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে জাহের আলীর মরদেহ শনাক্ত করেন।
ঘটনার খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিয়জনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।








