নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কক্সবাজারের লাবনী পয়েন্ট এলাকায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছেন চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুরে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটি পালিত হয়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম একটি জাতির দর্পণ। এটি সমাজের অসঙ্গতি তুলে ধরে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি বলেও তারা মত দেন।
প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিই সমাজকে আলোর পথে এগিয়ে নেয়। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব।”
বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী গণমাধ্যমই দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম। এ জন্য পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে আরও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
র্যালি ও সমাবেশে সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মামুন মোহাম্মদসহ দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাতকানিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেল ও সেক্রেটারি তারেক হোসাইনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।