প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একটি বিস্ফোরক আইনের মামলার তদন্তে পাওয়া আসামিরা রয়েছেন। এ ছাড়া নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি এবং গাঁজা সেবনের অপরাধে আটক ব্যক্তিদের মধ্যে দুজন কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার ২৮ নভেম্বর ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ধানুয়াঘাটা বাজার সংলগ্ন এলাকার মোঃ এশারত প্রামাণিক (৩২), উত্তর টিয়ারপাড়া এলাকার মোঃ ইমন আহম্মেদ বাবু (৪০), নেছড়াপাড়া ওয়াপদা এলাকার মোঃ আকাশ (২২), উত্তর থানাপাড়া এলাকার মোঃ শামীম আহসান (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার মোঃ মানিক (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার মামলা নম্বর-৬; ২২ নভেম্বর ২০২৫। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৪২৭/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ১৯০৮-এর ৩/৪ ধারায় দায়ের করা মামলাটির তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে এশারত প্রামাণিক ও ইমন আহম্মেদ বাবু কে আটক করা হয়। এ ছাড়া নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামির অপরাধে আকাশ এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে শামীম আহসান ও মানিক কে আটক করা হয়।
ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে দুজন কে ৫০ টাকা অর্থদণ্ড সহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ফরিদপুর থানার এসআই(নিঃ) মোঃ আশরাফুল ইসলাম, এসআই (নিঃ) বিজন কুমার, এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) শাহানুর রহমান, এএসআই (নিঃ) মোঃ ওয়ারেছ আলী ও এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ জানান, আটক পাঁচজন কে প্রয়োজনীয় পুলিশি পাহারায় শনিবার দুপুরে পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিস্ফোরক সহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযানে পুলিশ তৎপর রয়েছে।