মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার নন্দীগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকায় অভিযানকালে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উদ্ধার করা তামাকজাত পণ্য বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।