পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও ব্যাংকের প্রয়োজনীয় কিছু কাগজপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে অন্য একজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তিনি কার্যালয়ের ভেতরে আগুন দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল এবং কিছু অফিসিয়াল কাগজপত্র পুড়ে যায়।
শাখা ব্যবস্থাপক মঞ্জু আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে শাখা ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িতদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।