খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি সরকারের গত ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান এমপির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের কলেজ মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে তা পরিচালনা করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যসংবলিত লিফলেট তুলে দেন।
লিফলেটে গত ১৮০ দিনে নাসিরনগর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। বিশেষ করে গ্রামীণ সড়ক সংস্কার ও উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে সহায়তা প্রদানের বিষয়গুলো এতে উল্লেখ করা হয়েছে।
এ সময় এম এ হান্নান এমপি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যাতে সাধারণ মানুষ পায়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ১৮০ দিনে নাসিরনগরে যেসব কাজ করা হয়েছে, সেগুলোর তথ্য জনগণের সামনে তুলে ধরতেই এই লিফলেট বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা জানা এবং সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাসিরনগরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
লিফলেট বিতরণকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এমপি ও দলীয় নেতাকর্মীরা। তারা এলাকার বিভিন্ন সমস্যা, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি ও সামাজিক নিরাপত্তাসহ নানা বিষয়ে স্থানীয়দের মতামত ও দাবি-দাওয়া শোনেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কর্মসূচিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের মতে, একজন জনপ্রতিনিধি তার এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের তথ্য সরাসরি জনগণের কাছে তুলে ধরলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে। একই সঙ্গে জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের যোগাযোগও আরও দৃঢ় হয়।
স্থানীয়দের প্রত্যাশা, নাসিরনগরের চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি দীর্ঘদিনের জনদুর্ভোগ ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।