আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে ক্যাশ মেমো ছাড়াই রাসায়নিক সার পরিবহন এবং গুদামে মজুদের সঠিক হিসাব দেখাতে না পারায় বিএডিসি ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসি ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ মেমো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সে ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিল। এ সময় উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় সারবোঝাই গাড়িটি আটক করা হয়। পরে সংশ্লিষ্টরা সারের বৈধ ক্যাশ মেমো প্রদর্শন করতে ব্যর্থ হন এবং গুদামে মজুদকৃত সারের সঠিক হিসাবও দিতে পারেননি।
এসব অনিয়মের প্রেক্ষিতে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করে দেওয়া হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা, সারের অবৈধ মজুদ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”