নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে মো. তাছের উদ্দীন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খেজুরতলা এলাকায় কৃষিজমিতে অনুমোদন ছাড়াই পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মো. তাছের উদ্দীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।