এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঝাউবোনা ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সব কৃষকের তথ্য সংগ্রহ করে কৃষক কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. সাগর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কেরামত আলী, মো. আলতাফ হোসেন, মো. সেলিম রেজা, মো. আজমুল আরেফিন, মো. মাজিরুল ইসলাম, আবুল কাশেমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যেই কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে এবং সরকারি কৃষি প্রণোদনা, ভর্তুকি, প্রশিক্ষণ ও অন্যান্য কৃষিসেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নে ভোলাহাট উপজেলার একটি কৃষি ব্লকে ১৬ জুলাই থেকে তথ্য সংগ্রহ শুরু হয়েছে, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। এরপর পর্যায়ক্রমে উপজেলার সব কৃষকের তথ্য সংগ্রহ করা হবে।
তিনি প্রকৃত কৃষকদের কৃষক কার্ড প্রদানের এই কার্যক্রম সফল করতে তথ্য সংগ্রহকারীদের কাছে সঠিক তথ্য প্রদান এবং স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সকল কৃষকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঝাউবোনা ব্লকে চলমান তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং সফল বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।