কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধি:
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতিবছর বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ থাকলেও এবারের বাজেটের পর সাধারণ মানুষের ওপর তেমন কোনো মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হয়নি। এ কারণে সরকার এবারের বাজেটকে জনবান্ধব বাজেট হিসেবে দেখছে।
শনিবার (২০ জুন) সকালে বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেটকে বিরোধী দল ‘কল্পনার বাজেট’ বললেও উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও সুদূরপ্রসারী লক্ষ্য থাকা প্রয়োজন। কল্পনা ও পরিকল্পনা ছাড়া উন্নয়ন এবং স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, অতীতের মতো এবার বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়নি। ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি।
প্রতিমন্ত্রী জানান, দেবীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম চালু করতে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করছে।
এর আগে আয়োজিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা নগদ সহায়তা, ৪১ মেট্রিক টন চাল এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৬০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
পরে প্রতিমন্ত্রী উপজেলার নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে সম্ভাব্য তীররক্ষা বাঁধ নির্মাণের স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি তেপুকুরিয়া আদর্শ বালিকা বিদ্যালয়-এর সীমানাপ্রাচীর ও ওয়াশরুম নির্মাণকাজের উদ্বোধন এবং ধামের ঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।