আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ৮ নম্বর ওয়ার্ডের হরিরামপুর স্পোর্টস ক্লাব রানার্সআপ ২ নম্বর ওয়ার্ডের সোনাপুকুর কালিতলা একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
রবিবার (৩১ মে) বিকেলে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ক্রিয়েটার্স ক্লাবের উদ্যোগে বেলাইচন্ডি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে মাঠে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
ফাইনাল ম্যাচে টসে জিতে সোনাপুকুর কালিতলা একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে হরিরামপুর স্পোর্টস ক্লাব। জয়ের জন্য ৯৮ রানের লক্ষ্য পায় সোনাপুকুর কালিতলা একাদশ।
লক্ষ্য তাড়া করতে নেমে সোনাপুকুর কালিতলা একাদশ ভালো শুরু করলেও হরিরামপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি। দলটি ৮২ রান সংগ্রহ করে এক বল বাকি থাকতেই অলআউট হয়ে যায়। ফলে ১৫ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে হরিরামপুর স্পোর্টস ক্লাব।
খেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক আরিফিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক অটো রাইস মিলের পরিচালক আরিফুল হক রিয়েল। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জালাল উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম বাবু, মোজাহিদ হাসান, সাইফুল ইসলাম, ইউপি সদস্য হনুফা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী হরিরামপুর স্পোর্টস ক্লাব ও রানার্সআপ সোনাপুকুর কালিতলা একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এ সময় বক্তারা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক মহাজোটের কেন্দ্রীয় সভাপতি মো. শাহজাহান আলী সাজু। টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।