ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর, অভিযোগ বিএনপি নেতার ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে
বিশেষ প্রতিনিধি, পাবনা (ভাঙ্গুড়া):
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ছোট ভাইকে তুলে নেওয়ার ঘটনা ফেসবুকে প্রকাশ করায় এক সাংবাদিককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকের ছোট ভাই শরীফসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ শাহিবুল ইসলাম পিপুল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পিপুল দৈনিক বাংলা ট্রিবিউনের পাবনা জেলা প্রতিনিধি এবং দৈনিক যুগান্তরের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা যায়, একই দিন বিকাল প্রায় ৫টার দিকে কলেজপাড়া এলাকায় ফিরোজ, হাসিব, মারুফ ও আল-আমিনসহ কয়েকজন যুবক জোরপূর্বক পিপুলের ছোট ভাই ইয়াসিন আলী সামীকে হাসপাতালপাড়া সংলগ্ন শিশুকুঞ্জ এলাকা থেকে তুলে নিয়ে যায় এবং ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে নিয়ে যায়। বিষয়টি জানার পর পিপুল তাৎক্ষণিকভাবে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
এরপর পিপুল নিজের ফেসবুক আইডিতে ঘটনাটি তুলে ধরে একটি পোস্ট দেন। অভিযোগ অনুযায়ী, ওই পোস্টকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘বাহার’ নামে এক ব্যক্তি ফোন করে তার অবস্থান নিশ্চিত করে এবং পোস্ট নিয়ে প্রশ্ন তোলে।
পরে পিপুল সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ফিরোজ ও তার সহযোগীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তারাই তার ভাইকে তুলে নিয়েছিল বলে স্বীকার করে। সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে শরীফ ফোনে তার অবস্থান নিশ্চিত করে।
অভিযোগে বলা হয়, কিছুক্ষণ পর শরীফের নেতৃত্বে ১২-১৫ জনের একটি দল সিএনজি স্ট্যান্ড এলাকায় পিপুলকে ঘিরে ধরে মারধর করে। এ সময় তানভীর নামে এক ব্যক্তি তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে দেওয়ার চেষ্টা করে। তবে কৌশলে সেখান থেকে বের হয়ে পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নিয়ে তিনি রক্ষা পান।
ঘটনার সময় ভাঙ্গুড়া থানার এসআই আল-আমিন হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনাটির ভিডিও ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে সাংবাদিক পিপুল সহকর্মীদের সঙ্গে আলোচনা করে ভাঙ্গুড়া থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




