ভাঙ্গুড়ায় মাদকসেবীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকাল ৩টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
অভিযানে মাদক সেবনের দায়ে মো. আশরাফুল ইসলাম (২৯), পিতা মো. গোলাপ হোসেন, সাং বোথর, চাটমোহর, পাবনা-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত ও এএসআই আব্দুল মোমিন পুলিশি সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।




