সলঙ্গায় শাহীন স্কুলে বাংলা নববর্ষ উদযাপন
মোঃ আখতার হোসেন হিরন :
সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত “শাহীন স্কুল” এ আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে বৈশাখী র্যালি ও আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে স্কুল থেকে একটি বর্ণিল বৈশাখী র্যালি বের করা হয়। রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা এই র্যালিতে অংশ নেন। র্যালিটি থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক মো: আব্দুস সামাদ এবং মো: রাকিব হোসেন।
এছাড়াও স্কুলের সকল শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিনটির আনন্দ ভাগ করে নেন।
স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নিয়ে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে। কবিতা আবৃত্তি ও নাচের মাধ্যমে পুরো আয়োজনটি এক ভিন্ন মাত্রা পায়। অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী পান্তা,ইলিশ ভোজের আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পান্তা,ইলিশ খাওয়ার মধ্য দিয়েই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নববর্ষের এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির চেতনা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।








