বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সিএইচটি সম্প্রীতি জোট
মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে, সিএইচটি সম্প্রীতি জোট এর উদ্যোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৪ এপ্রিল সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও সিএইচটি সম্প্রীতি জোটের আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। তবে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আমাদের নিজেদের শেকড় এবং সঠিক পরিচয় সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের পরিচয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে থাকা যাবে না। আমরা কেউ ‘আদিবাসী’ নই; বরং আমাদের প্রকৃত ও গর্বের পরিচয় হলো আমরা চাক, মারমা এবং বাঙালি—সবাই মিলে এই দেশের নাগরিক।”
তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের মধ্যে যুগ যুগ ধরে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা বজায় রাখতে হবে। সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
শিক্ষা সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সিএইচটি সম্প্রীতি জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জোটের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শিক্ষা বিস্তারে এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








