সিরাজগঞ্জে দুই দিনে ১৩ শিশুর দেহে হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে গত দুই দিনে ১৩ জন শিশুর শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৯ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবে এখনও ৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩১ মার্চ থেকে জেলায় হাম রোগীর সংখ্যা গণনা শুরু করা হয়। দুই দিনের প্রাপ্ত তথ্যে ১৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্ত শিশুরা শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ১ জন ভর্তি রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, জেলায় এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ২৮ মার্চ শাহজাদপুর উপজেলার এক শিশু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা এবং অভিভাবকদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।








