মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে মদন উপজেলা প্রেসক্লাব কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ মে) মদন উপজেলা প্রেসক্লাবের প্যাডে প্রকাশিত এক আনুষ্ঠানিক নোটিশে প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষর করেন। নোটিশে মোশাররফ হোসেন বাবুলকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে নেত্রকোণার কৃতি সন্তান, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য এবং মদন উপজেলা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক জননেতা মোঃ লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বক্তব্য দিতে দেখা যায়। প্রেসক্লাব কর্তৃপক্ষ দাবি করেছে, ওই বক্তব্যে কটূক্তিমূলক ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, তার এমন বক্তব্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাসহ দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রেসক্লাবের ভাষ্য অনুযায়ী, এ ধরনের মন্তব্য শিষ্টাচারবহির্ভূত, ঔদ্ধত্যপূর্ণ এবং সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।
প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মোশাররফ হোসেন বাবুলের কর্মকাণ্ডে তারা “বিব্রত, হতবাক, লজ্জিত ও অপমানিত” বোধ করছেন। একই সঙ্গে তার আচরণ প্রেসক্লাবের গঠনতন্ত্রের ধারা-১১ এর (খ), (ঙ) এবং ধারা-১৩ এর (চ) লঙ্ঘন করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার সদস্যপদ সাময়িক স্থগিতসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ।
জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নোটিশের অনুলিপি নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য মোঃ লুৎফুজ্জামান বাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মদন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।