সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার ঐতিহাসিক পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করে “সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি”।
মানববন্ধনে স্থানীয় সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, একসময় প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের প্রাণ হিসেবে পরিচিত পঙ্খিরাজ নদী বর্তমানে দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। যথাযথ সংরক্ষণ ও পুনঃখননের অভাবে নদীটি আজ প্রায় খালে পরিণত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তারা আরও বলেন, ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে থাকা এ নদীপথ একসময় দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। বিশ্বখ্যাত মসলিন কাপড় এ নদীপথ ব্যবহার করেই দেশ-বিদেশে রপ্তানি করা হতো। নদীটি শুধু একটি জলধারা নয়, বরং সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধ দখল, অপরিকল্পিত ভরাট ও পরিবেশ ধ্বংসের কারণে নদীটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা দ্রুত নদীটি পুনঃখনন, দখলমুক্তকরণ এবং স্থায়ী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সোনারগাঁয়ের অন্যান্য খাল, জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো. মতিউর রহমান, “সোনারগাঁও পরিক্রমা”র প্রধান সম্পাদক আরিফুর রহমান, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, ৭১ টিভির সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ, লেখক ও সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার প্রতিনিধি এরশাদ হুসাইন এবং নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সোনারগাঁয়ের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম এ অঞ্চলের গৌরবময় ইতিহাস থেকে বঞ্চিত হবে। তাই পঙ্খিরাজ নদী রক্ষাকে ঘিরে বৃহত্তর জনসচেতনতা তৈরি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা।