চট্টগ্রাম প্রতিনিধি: নুরুল কবির
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে মাওলানা আবুল কাশেম (৬৫) নামে এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও তিনজন আহত হয়েছেন এবং জড়িত থাকার অভিযোগে সামশুল আলম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে এবং চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ির সামনের চলাচলের রাস্তার পাশে জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে আবুল কাশেম ও তার চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল বলে জানা গেছে।
ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে নতুন ঘর নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
নিহতের পরিবারের অভিযোগ, জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করা হলে বাধা দিতে গেলে প্রথমে ছকিনা বেগম (৬৫) হামলার শিকার হন। পরে খবর পেয়ে মাওলানা আবুল কাশেম ঘটনাস্থলে এলে প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অন্যরা হলেন শাহ আলম (৬৯) ও হারুনুর রশিদ (৪০)। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সৈয়দ হোসেন বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।”
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।