রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক পাঁচটি মামলায় বিভিন্ন অপরাধে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এসব দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজন এবং দণ্ডবিধির একটি ধারায় একজন রয়েছেন।
কারাদণ্ডের পরোয়ানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. মানিক (৩৭) নামে একজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই ধারায় মো. শাকিল (২১) ও মো. রাসেল (৪০) নামে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. আমির হোসেন (৪৮) নামে আরেক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো. মেহেদী হাসান (৩০) নামে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পৃথক পাঁচটি মামলায় দণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকরের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে কারাদণ্ডের পরোয়ানা পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।