বোঁচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রদীপ রায়
দিনাজপুরের বোঁচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাফানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদ আলী (২৯)। তিনি সুলতানপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। অপরজন একই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তাহের (৫৫)। তিনি মৃত আমিনুল ইসলামের ছেলে। দুজনই সুলতানপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার কার্যক্রমের অংশ হিসেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বোঁচাগঞ্জ থানা পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর বুধবার (১১ নভেম্বর) তাঁদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।