মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নানা আয়োজনে পালিত হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা, সম্মাননা প্রদান, প্রশিক্ষণ সেশন ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিনব্যাপী আয়োজনে হাসপাতালজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেশ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আহমেদুল কবির। এছাড়াও বক্তব্য দেন ডাঃ দিবাকর বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইব্রাহিম মোল্লা, আবু সাইদ, মোঃ ফারুক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং স্টাফরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতের অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। তাদের নিরলস পরিশ্রম, ধৈর্য, মানবিকতা ও আত্মত্যাগ ছাড়া চিকিৎসাসেবা কখনোই পূর্ণতা পেতে পারে না। একজন নার্স শুধু চিকিৎসা ব্যবস্থার অংশ নন, বরং রোগীর মানসিক সাহস, সান্ত্বনা ও মানবিক সহায়তার অন্যতম ভরসাস্থল।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নার্স দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি সেবার মহান আদর্শকে নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। মানবিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্ববোধকে ধারণ করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সরা প্রতিদিন মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।
অনুষ্ঠানে নার্স রীনা মিস্ত্রী, রহিমা খানম, সুলেখা রানী, মধু কানক লতা সরকার, ফাতেমা সামা দি ও রমা কালীসহ অনেকে অংশগ্রহণ করেন। এ সময় তরুণ নার্সদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেশন, অভিজ্ঞতা বিনিময় এবং সেরা সেবাদানকারী নার্সদের সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নার্সদের দক্ষতা বৃদ্ধি, মানবিক সেবা নিশ্চিতকরণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও গতিশীল করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।