ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটড়া শেখপাড়া গ্রামের মাহাতাব হোসেন যেন এক জীবন্ত সংগ্রামের নাম। দীর্ঘ ৪০ বছর ধরে অভাব-অনটন, দুঃখ-কষ্ট আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জীবন পার করছেন তিনি। স্থানীয়দের কাছে তিনি পরিচিত একজন হার না মানা মানুষ হিসেবে।
জীবনের শুরু থেকেই দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে মাহাতাব হোসেনকে। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে কঠোর পরিশ্রম করতেই কেটে গেছে তার যৌবনের দিনগুলো। নিজের স্বপ্ন কিংবা সুখের কথা ভাবার সুযোগ কখনো পাননি তিনি। জীবিকার তাগিদেই প্রতিনিয়ত ছুটে চলেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
বর্তমানে বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও থেমে নেই তার সংগ্রাম। এখনও বেঁচে থাকার তাগিদে প্রতিদিন কাজ করতে হয় তাকে। কখনো দিনমজুরি, কখনো ছোটখাটো কাজ করে কোনোমতে চলছে জীবন। অনেক সময় ভাটড়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত কাটাতে হয় তার।
স্থানীয়রা জানান, মাহাতাব হোসেন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও আত্মসম্মানবোধসম্পন্ন একজন মানুষ। জীবনের কঠিন সময়েও তিনি কারো কাছে হাত পাতেননি। নিজের শ্রম দিয়েই বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গ্রামের বাসিন্দারা বলেন, “মাহাতাব ভাইকে দেখলে বোঝা যায় মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে। ৪০ বছর ধরে তিনি যেভাবে সংগ্রাম করে বেঁচে আছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
বর্তমানে মাহাতাব হোসেনের চাওয়া খুব সামান্য—দুমুঠো খাবার আর মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়। স্থানীয়দের দাবি, সরকারি বা বেসরকারি সহায়তা পেলে জীবনের শেষ সময়টুকু হয়তো একটু স্বস্তিতে কাটাতে পারবেন এই সংগ্রামী মানুষটি।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “মাহাতাব হোসেন আমাদের জন্য অনুপ্রেরণা। প্রতিকূলতার মধ্যেও তিনি সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবন চালিয়ে যাচ্ছেন। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও সংগ্রামী মানুষের পাশে রয়েছে।”