আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও ভিপি আইনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার নলকা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলকা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রায়গঞ্জ–সলঙ্গা আসনের এমপি ভিপি আইনুল হক।
প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সলঙ্গা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম শেখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ভবনটি শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভিপি আইনুল হকের রাজনৈতিক ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে এই সংবর্ধনা প্রদান করা হয়।
নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উন্নত ও আধুনিক পরিবেশে পাঠদান সুবিধা পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।