সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জনগণের দাবি আদায় ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় আপসহীন ছিলেন। তাঁর রাজনৈতিক অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়া যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা অতুলনীয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবাস এবং অসুস্থতার মধ্যেও তিনি জনগণের অধিকার ও দেশের স্বার্থের প্রশ্নে কখনো আপস করেননি। দেশ ও জাতির কল্যাণে তাঁর এই ত্যাগের ঋণ এ দেশের মানুষ কখনো শোধ করতে পারবে না।

শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ বিএনপির নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার অন্যতম অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।