সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর শহরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে নিজ উদ্যোগ ও নিজ অর্থায়নে জজকোর্ট গেট থেকে বাজার স্টেশন হয়ে কড়িতলা পর্যন্ত সড়কের আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপণ করেছেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আব্দুস সাত্তার।
শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রায় আধা কিলোমিটারজুড়ে সড়কের আইল্যান্ডে নিজ হাতে ফুলগাছ রোপণ করেন তিনি।
এ সময় হাজী মো. আব্দুস সাত্তার বলেন, দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করছেন। তিনি জানান, ভবিষ্যতেও সিরাজগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, শ্মশান এবং জনসাধারণের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, আধুনিক ও সবুজ শহর গড়ে তোলার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার নেতৃত্বে প্রতিদিন প্রায় ১৭০ জন স্বেচ্ছাসেবক শহরের বিভিন্ন অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করেন এবং হ্যান্ড মাইকের মাধ্যমে বাসিন্দাদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
এ ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, জাকাত তহবিলে অনুদান এবং বিভিন্ন মসজিদ, মন্দির ও মাদ্রাসায় সহযোগিতাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি।
এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে শহরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে হাজী মো. আব্দুস সাত্তারের এ প্রচেষ্টা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
সামাজিক সচেতন মহলের মতে, এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি ভালো কাজ করার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।