নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানির বাড়িতে বেড়াতে গিয়ে ১০ বছরের এক শিশু পাশবিক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৭ মে (মঙ্গলবার) দুপুরে উপজেলার নিজামকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি ঘটনার কয়েকদিন আগে নিজামকান্দি গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। গত ৭ মে দুপুরে প্রতিবেশী এক যুবক (আনুমানিক ২০ বছর) গোসল করানোর কথা বলে শিশুটিকে কৌশলে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করে শিশুটির পরিবার। তবে ৯ মে (শনিবার) শিশুটির নানি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাসকে ঘটনাটি বিস্তারিত জানান।
বিষয়টি অবগত হওয়ার পর হাসপাতালের তত্ত্বাবধায়ক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে অবহিত করার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি জানার পর থেকেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত মামলা রুজু করা হবে এবং অপরাধীকে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।