নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের বাসিন্দা সুলতান ব্যাটারিচালিত অটোরিকশা সহায়তা পাওয়ার শর্তে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি মুচলেকা দেন। এতে তিনি ভবিষ্যতে মাদক ব্যবসাসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থেকে বৈধ ও সৎ উপার্জনের মাধ্যমে জীবনযাপন করার প্রতিশ্রুতি দেন।
মুচলেকায় সুলতান উল্লেখ করেন, তিনি আর কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না এবং সমাজের একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করবেন।
এ সময় মো. আল মুজাহিদ মল্লিক বলেন, “কেউ যদি আন্তরিকভাবে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাহলে তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।” তিনি জানান, সুলতানের জীবিকা নির্বাহের জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সুলতান তার দেওয়া অঙ্গীকার বাস্তবে পালন করবেন এবং মাদকমুক্ত জীবন গড়ে তুলে অন্যদের জন্য ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবেন।