কয়রা (খুলনা) প্রতিনিধি:
‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে খুলনার কয়রা উপজেলার বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসায় শহীদদের স্মরণে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে মাদ্রাসায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এ.কে.এম. আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন সহকারী মৌলভি মাওলানা এম.এ. সালাম, মাওলানা সাজ্জাদুল ইসলাম, শিক্ষক আব্দুস ছালাম, সাবিনা ইয়াসমিন, আবু রায়হান, বাবু কুমারেশ মণ্ডল, মাওলানা রফিকুল ইসলাম, ক্বারী এফ.এম. নুরুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এ.কে.এম. আজহারুল ইসলাম বলেন, “জুলাই আমাদের ত্যাগের শিক্ষা দিয়েছে। শহীদরা তাদের আত্মত্যাগের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার বার্তা দিয়ে গেছেন। শিক্ষার্থীদেরই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
মাওলানা এম.এ. সালাম কোরআন-হাদিসের আলোকে শহীদদের মর্যাদা তুলে ধরে বলেন, “শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে।”
মাওলানা সাজ্জাদুল ইসলাম বলেন, “আবু সাঈদের আত্মত্যাগ জাতির বিবেককে জাগ্রত করেছে। শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে তাদের সর্বোত্তম প্রতিদানের প্রার্থনা করি।”
আলোচনা শেষে মাওলানা সাজ্জাদুল ইসলামের পরিচালনায় শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই অংশগ্রহণ করেন।