মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় উৎসবমুখর পরিবেশে হাজীদের বার্ষিক মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দর্শনা হাজী সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় দর্শনা পৌর অডিটোরিয়ামে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় ৩০০ জন হাজী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন।
হাজী মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম, প্রবীণ হাজী মো. জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ মো. মশিউর রহমান এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা হজ পালনের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যতে সামাজিক ও মানবিক কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনার অঙ্গীকার করেন এবং প্রয়াত হাজীদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শেষে দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাজী নুরুল ইসলাম দোয়া পরিচালনা করেন। পরে অংশগ্রহণকারীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা হাজী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৪০৯ জন। এর মধ্যে ৬৮ জন সদস্য ইতোমধ্যে ইন্তেকাল করেছেন।