স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
জুলাই গণঅভ্যুত্থানের মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্মরণে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আদর্শ ধারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
দিবসের কর্মসূচির সূচনা হয় সকাল ৬টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। প্রথমে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমসহ বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। জুলাই শহিদ পরিবারের সদস্যরাও তাঁদের স্বজনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমসহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাঁদের রক্তে রচিত সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে শহিদদের আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের স্মরণে ‘শহিদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়াও বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
জেলা প্রশাসন জানায়, জুলাই শহিদ দিবসের এ আয়োজনের মাধ্যমে মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।