সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে প্রতারণা ও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকার পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন শরীয়তপুর জেলার সখিপুর থানার মৃধাকান্দি এলাকার দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁও উপজেলার নানাখী এলাকার আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পানাম ফুড পার্কে আতাউর রহমানকে ডেকে নিয়ে তাকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই সদর দপ্তরে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখানো হয়। একই সঙ্গে ৫ লাখ টাকা দাবি করা হয়।
তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আতাউর রহমান বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ডিজিএফআই সদস্য নন বলে স্বীকার করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের গ্রেপ্তার করে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।