মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা থানার যদুপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির একটি কক্ষে বিদ্যুতের তার সরানোর কাজ করছিলেন নাঈম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিব পরীক্ষা-নিরীক্ষা শেষে নাঈমকে মৃত ঘোষণা করেন।
ডা. হাসিব জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।