ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কুলপাড়া ও বীরেন্দ্র কার্বারী পাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ (টিএসএফ-বিডি)।
সংগঠনটির ঘোষিত প্রতিপাদ্য— “গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”—কে সামনে রেখে গত ৩ জুলাই টিএসএফ-বিডির মাটিরাঙ্গা আদর্শ উপজেলা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এ সাংগঠনিক সফর, শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষাবিষয়ক দিকনির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসএফ-বিডি মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখার সভাপতি দিগেন্দ্র ত্রিপুরা। সভা পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কানু রায় ত্রিপুরা।
অনুষ্ঠানে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, মাটিরাঙ্গা আঞ্চলিক শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক শয়ন বিকাশ ত্রিপুরা এবং টিএসএফ-বিডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চুপান্তি ত্রিপুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বীরেন্দ্র কার্বারী পাড়ার কার্বারী ধনী কৃষ্ণ ত্রিপুরা, কুলপাড়ার কার্বারী দ্বীন মোহন ত্রিপুরা, সমাজসেবক মর্ম সিংহ ত্রিপুরা, চনির কুমার ত্রিপুরা, বিপুল ত্রিপুরা এবং টিএসএফ-বিডি মাটিরাঙ্গা কলেজ শাখার সভাপতি অনিতা ত্রিপুরাসহ এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চা, প্রযুক্তিগত দক্ষতা অর্জন, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে থাকা এবং উচ্চশিক্ষার জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং টিএসএফ-বিডি মাটিরাঙ্গা আদর্শ উপজেলা শাখার সাবেক সভাপতি মাচাং সুনী ত্রিপুরা।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা, মানসম্মত শিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।