পলাশ পাল, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে দিনব্যাপী বারহাট্টা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি ‘PARTNER’ (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করা। দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের কংগ্রেস আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ আফরোজ মনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্র, প্রশিক্ষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাহউদ্দিন কায়সার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম. গোলাম হোসাইন এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা তাদের বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে রূপান্তর করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশ্বব্যাংক ও আইএফএডির সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে এসব আধুনিক কার্যক্রমের সুফল সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানের প্রাঙ্গণে স্থাপিত আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।