মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ব্যাপকহারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হয়, যাতে তাদের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ ও বৃক্ষপ্রেম গড়ে ওঠে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শাহ আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, তবে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।