আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে প্রথমবারের মতো উপজেলা কমিউনিটি পুলিশিং ও তানোর থানা পুলিশের আয়োজনে দিনব্যাপী আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তানোর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচটি দলের মধ্যে ফাইনালে তানোর পৌরসভা ও কামারগাঁ ইউনিয়ন মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কামারগাঁ ইউনিয়নকে ৩ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তানোর পৌরসভা।
সকাল থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এ খেলায় তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার খেলোয়াড়রা অংশ নেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।
তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শামসুল ইসলাম, তানোর পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাহাবুর রহমান, তালন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামাল উদ্দীন, বাধাইড় ইউনিয়ন কৃষক দলের নেতা গোলাম রাব্বানী, তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম, ক্রীড়ানুরাগী আয়নুল হক, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজসহ অনেকে।
খেলা পরিচালনা করেন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের বিপিএড শিক্ষক আব্দুল বারি, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার বিপিএড শিক্ষক সোহরাব হোসেন ও আনোয়ার হোসেন। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও ক্রীড়ানুরাগী এম রায়হান আলী। এ সময় বিভিন্ন দলের ম্যানেজার, খেলোয়াড় ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় কাবাডি খেলাকে উৎসাহিত করার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও যুবসমাজকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।