খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে মোবাইলে লুডু খেলা নিয়ে বিরোধের জেরে রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় রফিক মিয়া, সালমানসহ কয়েকজন সেখানে বসে খেলা দেখছিলেন। একপর্যায়ে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে রফিক ও সালমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
এ সময় রফিক মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তামিমা রহমান তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রতিদিনই যুবকেরা বসে খেলাধুলা করতেন। এ নিয়ে আগে কোনো বড় ধরনের সমস্যা হয়নি। লুডু খেলাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।