সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী চরসফিখাঁ জামে মসজিদে শুক্রবার (১৯ জুন) পবিত্র জুমার নামাজের আগে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন।
এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি মসজিদের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। উপস্থিত মুসল্লিরা মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম, জায়গার সুষ্ঠু ব্যবহার এবং ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
মতবিনিময়কালে হাজী আশরাফ উদ্দিন বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র। চরসফিখাঁ জামে মসজিদের উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে, ইনশা আল্লাহ।”
তিনি আরও বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জনমতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও সেবামুখী মসজিদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
উপস্থিত মুসল্লিরা মসজিদের উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জুমার নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের মতে, চরসফিখাঁ জামে মসজিদের উন্নয়ন পরিকল্পনায় জনমতকে গুরুত্ব দেওয়ার এ উদ্যোগ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে এবং মসজিদের সার্বিক উন্নয়নে নতুন আশাবাদ তৈরি করেছে।