সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন অফিসে সশস্ত্র হামলা ও ডাকাতি
শাহাদাৎ হোসেন চৌধুরী
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে সশস্ত্র হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান মালিক।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত ‘টি-এন্টারপ্রাইজ’ নামের একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, পশ্চিম সনমান্দি এলাকার বাসিন্দা শহিদুল্লাহর ছেলে রবিউল আউয়াল পিন্টু (৩০)-এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৮-১০ জনের একটি সশস্ত্র দল অফিসে অনধিকার প্রবেশ করে। তাদের হাতে একটি শর্টগান, কয়েকটি পিস্তল, রামদা, চাপাতি ও ছুরি ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত রবিউল আউয়াল পিন্টু কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। সোনারগাঁয়ের বিভিন্ন বিএনপি নেতার সঙ্গে তার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এসময় হামলাকারীরা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং তাদের জিম্মি করে ফেলে। পরে তারা অফিসের ক্যাশে থাকা নগদ ৭ লাখ টাকা, প্রায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিমকার্ডসহ সিসিটিভি ডিভিআর ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, লুট হওয়া মোবাইল ফোনগুলোর সিমে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে এ ডাকাতি সংঘটিত করেছে।
এ ঘটনায় মামলা করলে প্রাণনাশের হুমকি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







