সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২: মিনিট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালক ও ব্যবসায়ীর
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং ট্রাকে বহন করা আনারসের মালিক মনির খলিফা (২৮)। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ জানান, শুক্রবার (১ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে সোনারগাঁ থানাধীন টিপরদী এলাকায়, চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি মিনিট্রাক সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মোহাম্মদ আলী ও আনারস ব্যবসায়ী মনির খলিফার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সেকান্দর আলী মাঝির ছেলে। অপরদিকে মনির খলিফা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গোপামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।







