মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জিয়াউল হক দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পেশাদারিত্ব, জনসেবামূলক কার্যক্রম এবং অপরাধ দমনে সফল ভূমিকার কারণে পটিয়া থানার ওসি জিয়াউল হককে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দ্রুত সেবা প্রদান এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থা বৃদ্ধি পেয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি জিয়াউল হক বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধু আমার একার নয়, এটি পটিয়া থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।”
তিনি আরও বলেন, এই অর্জনের জন্য তিনি পুলিশ সুপারসহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পটিয়া থানার সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত কর্মমূল্যায়ন, জনসেবার মানোন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার ভিত্তিতেই তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।