মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলার কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর নলুয়াপাড়া শম্ভুগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোছাঃ শেফালী আক্তার আশা (২১), পিতা মৃত আব্দুল মন্নাফ, মাতা মৃত রোকিয়া বেগম, সাং- দেবপুর উত্তরপাড়া, ইউনিয়ন- ধর্মগড়, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ এবং মোঃ হাসিবুল হাসান (২১), পিতা মৃত বদরুজ্জামান, মাতা মোছাঃ পারুল বেগম, সাং- জগদীশপুর পশ্চিমপাড়া, ইউনিয়ন- জগদীশপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত গাঁজা ময়মনসিংহসহ আশপাশের এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।