নাজিরুল ইসলাম, বগুড়া সংবাদদাতা :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ভূমিসেবায় অটোমেশন বিষয়ক সেমিনার, গণশুনানি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এরই ধারাবাহিকতায় শাজাহানপুরে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমি সেবাকে আরও আধুনিক, সহজ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
ভূমিসেবায় অটোমেশন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। তিনি বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। এতে সময়, অর্থ ও ভোগান্তি অনেকাংশে কমে এসেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন এবং শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজীবুল আলম সজীব।
এছাড়াও উপস্থিত ছিলেন খরনা ও খোট্টাপাড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুর এ আলম, আমরুল ও মাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সুরুজ্জামান মাসুদ, আশেকপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আজমত আলী, গোহাইল ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, চোপীনগর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওসমান গনি, সুলতানগঞ্জ ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ জোবায়ের এবং আড়িয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলা চলাকালীন ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।