মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালিকা) এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা আগামী ২১ মে থেকে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা দল।
এবার বিভাগীয় পর্যায়ে লক্ষ্মীপুর জেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে কমলনগর উপজেলার “চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়” বালিকা ফুটবল দল। জেলা পর্যায়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা বিভাগীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
খুদে ফুটবলারদের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই লক্ষ্মীপুরসহ পুরো অঞ্চলের ক্রীড়ামোদী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শক্তিশালী কক্সবাজার জেলা দলের বিপক্ষে জয় তুলে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে লক্ষ্মীপুরের বালিকারা।
টুর্নামেন্টের নির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচের দিন সকাল ৮টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী ও ফেনী জেলার অংশগ্রহণকারী দলগুলোকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ৮টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি জেলা দল। এরপর সকাল ৯টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত লক্ষ্মীপুর বনাম কক্সবাজার ম্যাচ।
চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করেছে। বিদ্যালয়ের শিক্ষক, কোচ ও অভিভাবকদের প্রত্যাশা— দলটি বিভাগীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
দলের কোচ বলেন,
“মেয়েরা অনেক পরিশ্রম করেছে। মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে কক্সবাজারের বিপক্ষে ভালো ফল করা সম্ভব। আমরা আশাবাদী, তারা লক্ষ্মীপুর জেলার জন্য গৌরব বয়ে আনবে।”
টুর্নামেন্টের ফিকশ্চার অনুযায়ী, প্রথম রাউন্ডে জয়ী দলগুলো পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে রাঙামাটি, চট্টগ্রাম, কুমিল্লা ও বান্দরবানের মতো শক্তিশালী জেলা দল।
এদিকে লক্ষ্মীপুরের এই খুদে নারী ফুটবলারদের ঘিরে জেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২১ মে’র সেই গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য, যেখানে জয় ছিনিয়ে এনে বিভাগীয় পর্যায়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে লক্ষ্মীপুরের বালিকারা।